অবদানের আলোয় সম্মানিত হাসনাত জাহান
প্রকাশিত হয়েছে : ৩:৩৭:০৮,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৩৪ বার পঠিত

তৃতীয় বাঙলা প্রতিবেদন :
ফ্রান্সে ‘SAF Femme d’Honneur 2026’ সম্মাননা প্রদান।
নারীর সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনের গল্প নয়, তা সমাজের অগ্রযাত্রায় জ্বেলে দেয় সম্ভাবনার নতুন আলো। শিক্ষা, সাহিত্য ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ হাসনাত জেহানকে ‘SAF Femme d’Honneur 2026’ (সাফ নারী সম্মাননা ২০২৬) প্রদান করেছে ফ্রান্সভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidarités Asie France (SAF)।
গত ১৫ নভেম্বর ২০২৬, ফ্রান্সে এক আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে তাঁর হাতে এই সম্মাননা ও স্মারক তুলে দেন সংগঠনটির প্রেসিডেন্ট KHIANG Nayan এবং সাধারণ সম্পাদক Shahin Ahmad।
আন্তর্জাতিক নারী অধিকদিবস উপলক্ষে ২০২৬ সালের ৭ মার্চ এই সম্মাননার ঘোষণা দিয়েছিল সংগঠনটি। সমাজের অগ্রগতি, জ্ঞানচর্চা, শিক্ষা, সাহিত্য ও সামাজিক উন্নয়নে নিজেদের মেধা, দক্ষতা এবং কর্মের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারীদের স্বীকৃতি দেওয়াই ‘SAF Femme d’Honneur’ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রাথমিকভাবে ৭ মার্চ আয়োজিত অনুষ্ঠানে হাসনাত জেহানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে সংগঠনের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু পরিস্থিতি, বিশেষ করে যুদ্ধ পরিস্থিতি এবং কয়েকটি ফ্লাইট বাতিল হওয়ার কারণে নির্ধারিত সময়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা সম্ভব হয়নি। অবশেষে ১৫ নভেম্বর সেই অপেক্ষার অবসান ঘটে। আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ও স্মারক।

Solidarités Asie France মনে করে, সমাজের অগ্রযাত্রায় নারীর ভূমিকা অপরিসীম। তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা একটি সুন্দর, সংহতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‘SAF Femme d’Honneur’ সম্মাননার মধ্য দিয়ে সংগঠনটি শুধু অবদান রাখা নারীদের স্বীকৃতি দিতে চায় না, বরং তাঁদের কর্ম ও সাফল্যকে বৃহত্তর সমাজের সামনে তুলে ধরে নতুন প্রজন্মের নারীদেরও অনুপ্রাণিত করতে চায়।
সম্মাননা তাই কেবল একটি স্মারক বা পুরস্কারের নাম নয়; এটি কর্মের স্বীকৃতি, আত্মত্যাগের মূল্যায়ন এবং আগামী দিনের সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার এক অনুপ্রেরণার নাম। হাসনাত জেহানের হাতে এই সম্মাননা তুলে দেওয়ার মধ্য দিয়ে সেই বার্তাই আরও একবার উচ্চারিত হলো—সমাজের অগ্রযাত্রায় নারীর অবদান কখনোই উপেক্ষিত হওয়ার নয়।





