ফ্রান্সে উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান উদযাপন
প্রকাশিত হয়েছে : ৩:২৭:১৩,অপরাহ্ন ১১ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২৪ বার পঠিত


গত ৮ নভেম্বর (রোববার) প্যারিসের একটি স্থানীয় মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানে বুদ্ধপূজা, সংঘদান, কঠিন চীবর দান, ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সকালের অধিবেশনে সঞ্চালনা করেন বিশ্বশান্তি সেবা পরিষদের সহসভাপতি শ্রী উজ্জ্বল বড়ুয়া।

বিকেলের অধিবেশনে সঞ্চালনা করেন শ্রীমতি শর্মিষ্ঠা বড়ুয়া রবি। এ পর্বে আশীর্বাদ প্রদান করেন শ্রীমৎ কে আনন্দ নায়ক থের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুদ্ধগয়া প্রজ্ঞা বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ পণ্ডিত প্রজ্ঞাবংশ মহাথেরো।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন বিশ্বশান্তি ধ্যান কেন্দ্রের উপাধ্যক্ষ শ্রীমৎ অমিতানন্দ থের।
আলোচকরা তাঁদের বক্তব্যে বলেন, বুদ্ধের বাণীর অন্যতম প্রধান শিক্ষা হলো অহিংসা, ভালোবাসা ও ক্ষমা। হিংসা, বিদ্বেষ কিংবা সংঘাতের মাধ্যমে কখনো প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বৌদ্ধ ধর্মীয় শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন শিশু-কিশোরদের ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে সচেতন করার পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশু-কিশোর ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক সন্ধ্যা পরিচালনা করেন বিশ্বশান্তি সেবা পরিষদের সংস্কৃতিবিষয়ক সম্পাদিকা বিনু বড়ুয়া।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্বশান্তি সেবা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রিপন বড়ুয়া।





