প্যারিসে আন্তর্জাতিক বই মেলা. বিশ্বসাহিত্য ও প্রকাশনার মঞ্চে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১২:৪০:১৪,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০২৬ | সংবাদটি ২৮ বার পঠিত

এনায়েত হোসেন সোহেল , প্যারিস :
ফ্রান্সের রাজধানী প্যারিসে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে পর্দা নামল ‘প্যারিস টাইমস ২য় আন্তর্জাতিক বাংলা বইমেলা’র।
বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও হাজার বছরের ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার প্রত্যয়ে আয়োজিত এ বইমেলা পরিণত হয় প্রবাসী বাঙালির এক প্রাণের মিলনমেলায়।
রবিবার দিনব্যাপী প্যারিসের মাক্সধমী গির্জা হলে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং বাংলাদেশ থেকে আগত ৩০ জন লেখকের অংশগ্রহণে বসে সাহিত্যের অনন্য আসর।

২৫টি স্টলে সাজানো হয় দেশ-বিদেশের নানা স্বাদের বই। লেখক, কবি, সাহিত্যিক, প্রকাশক, সাংবাদিক, আবৃত্তিকার ও সংস্কৃতিকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও বর্ণিল।
সংস্কৃতি কর্মী এমদাদুল হক স্বপনের পরিচালনায় বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।



এরপর ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত দেশের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্যারিস টাইমসের স্বত্বাধিকারী কাজী নিধি উল্লাহ অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত লেখক হাসানুজ্জামান রিপন এবং প্যারিস টাইমসের প্রধান পৃষ্ঠপোষক কাজী এনায়েত উল্লাহ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডো লেখক এনামুল হক।


বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রবাসের মাটিতে বাংলা ভাষা ও সাহিত্যচর্চা কেবল বিনোদন কিংবা অবসরযাপনের অনুষঙ্গ নয়; বরং এটি শিকড়ের সঙ্গে আত্মার বন্ধন অটুট রাখার এক গুরুত্বপূর্ণ প্রয়াস। নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার মর্যাদা, বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম।
বইমেলায় সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ হাসানুজ্জামান রিপন, এনামুল হক, রবিশঙ্কর মৈত্রী, আরিফ রানা, লোকমান আহম্মদ আপন, রিয়াজ আহমেদ জুয়েল, প্রকাশ রায় ও সোয়েব মোজাম্মেলকে প্যারিস টাইমসের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বইমেলার অন্যতম আকর্ষণ ছিল কবিতা পাঠ ও লেখকদের স্বরচিত সাহিত্যকর্ম উপস্থাপন।

কবি রবিশঙ্কর মৈত্রীর পরিচালনায় কবিতার আসরে ফ্রান্সের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবিরা তাঁদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন। শব্দ, ছন্দ ও অনুভূতির মেলবন্ধনে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর সাহিত্যিক আবহ।
অন্যদিকে রোমানা মনসুর ও আল আমিনের পরিচালনায় আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন জাকারিয়া, কাজী আরিফ রানা, শাহাদাত হোসেন রনি ও ইমতিয়াজ আহমেদ। তাঁদের পরিবেশনায় গান, সুর ও ছন্দে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশেও ছিল বিশেষ আয়োজন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় খুদে শিল্পীরা। রং-তুলির আঁচড়ে তাদের কল্পনার জগৎ ফুটে ওঠে কাগজের পাতায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকদের মতে, প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, নতুন লেখক ও পাঠকদের উৎসাহিত করা এবং ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
সব মিলিয়ে বই, কবিতা, গান, স্মৃতি ও শিকড়ের টানে একাকার হয়ে গিয়েছিল প্যারিসের সেই আয়োজন। ভৌগোলিক দূরত্ব পেরিয়ে বাংলা ভাষার প্রতি ভালোবাসা যে বাঙালিকে একই সুতোয় গেঁথে রাখতে পারে, ‘প্যারিস টাইমস ২য় আন্তর্জাতিক বাংলা বইমেলা’ যেন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।
প্রবাসের আকাশে বাংলা ভাষা ও সাহিত্যের এই আলোকবর্তিকা আগামী দিনেও আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা আয়োজক, লেখক, পাঠক ও সংস্কৃতিপ্রেমীদের।





