ফ্রান্সে বাংলাদেশীদের ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ সম্পন্ন,সনদ বিতরন
প্রকাশিত হয়েছে : ১:২৩:৩৮,অপরাহ্ন ০২ আগস্ট ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত

দেলোয়ার হোসেন ,প্যারিস :

শনিবার (১ আগস্ট) স্থানীয় দুপুরে প্যারিসের ফাস্তি কার্যালয়ে ছয় সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়। গত ১১ জুলাই শুরু হওয়া প্রথম ব্যাচে অংশ নেওয়া ১৬ জন প্রবাসী বাংলাদেশি প্রশিক্ষণার্থী সফলভাবে কোর্স শেষ করেন।
সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের হাতে উপস্থিতি সনদ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, সময় টিভির ফ্রান্স প্রতিনিধি লুৎফর রহমান বাবু, এনটিভির ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, অনলাইন নিউজ পোর্টাল ফ্রান্স ট্রিবিউনের সম্পাদক শাবুল আহমেদজ এবং চ্যানেল ইউরোপের ফ্রান্স প্রতিনিধি জুনেদ ফারহান।

প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা সুশির ইতিহাস, আন্তর্জাতিক মানের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি সুশি রাইস প্রস্তুত, মাছ কাটার কৌশল এবং আন্তর্জাতিক মান অনুযায়ী সুশি তৈরির ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষক সুশি শেফ আব্দুর রহমান বলেন, “শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ ও মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা শেষে তারা এখন ফ্রান্সের রেস্টুরেন্ট খাতে পেশাদারভাবে কাজ করার জন্য প্রস্তুত।”

প্রথম সেশন কোর্সের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাফ’র সিনিয়র সহসভাপতি ইরান, রুমন আহমেদ এবং সাধারণ সম্পাদক শাহীন আহমদ। প্রথম সেশনের সাফল্যের ধারাবাহিকতায় শীঘ্রই ‘সাফ সুশি ফরমাসিঁও’-এর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ।





