বৃটেনবাসি লেখক-গবেষক ও সাংবাদিক শাহেদ রাহমানের সাথে প্যারিস বাংলা প্রেসক্লাবের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৬:০০:০৯,অপরাহ্ন ০৭ আগস্ট ২০২৬ | সংবাদটি ২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
বৃটেনবাসি বাংলাদেশি লেখক-গবেষক ও সাংবাদিক মুহাম্মদ শাহেদ রাহমানের প্যারিস সফর উপলক্ষে প্যারিস বাংলা প্রেসক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় প্যারিসের নিকটবর্তী অভারভিলিয়ের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ শাহেদ রাহমান।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরা প্রধান অতিথিকে শুভেচ্ছা জানান এবং শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা ও সাহিত্যচর্চায় তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। পরে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনের সমসাময়িক বিষয়, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ, সাহিত্য-সংস্কৃতি এবং প্রবাসে বাংলা ভাষার চর্চা নিয়ে প্রাণবন্ত মতবিনিময় হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহেদ রাহমান বলেন, প্রবাসে কর্মরত সাংবাদিকদের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে সঠিকভাবে তুলে ধরার ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে এনায়েত হোসেন সোহল বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, অভিজ্ঞতা বিনিময় এবং গঠনমূলক আলোচনা সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের একপর্যায়ে প্যারিস বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি মুহাম্মদ শাহেদ রহমানের হাতে প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারের একটি প্রতিরূপ স্মারক হিসেবে তুলে দেওয়া হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্যারিস বাংলা প্রেসক্লাবের শিক্ষা-গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামান, তথ্য-গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল মারুফ ও সদস্য শাবুল আহমেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, মুহাম্মদ শাহেদ রাহমান বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষক, গবেষক, লেখক ও সাংবাদিক। তিনি সুনামগঞ্জের সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ। বর্তমানে তিনি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঢাকা পোস্ট-এর যুক্তরাজ্য প্রতিনিধি, বাংলা মিরর নিউজ-এর বিশেষ প্রতিনিধি, বাংলা সংলাপ-এর সহকারী সম্পাদক এবং ইউকে বাংলা গার্ডিয়ান-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।





