ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্রকাশিত হয়েছে : ৭:৩৯:৩৯,অপরাহ্ন ০১ জুন ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
তৃতীয় বাঙলা প্রতিবেদন :
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ফ্রান্সে ঈদুল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বুধবার (২৭ মে ) ফ্রান্সের স্থানীয় সময় সকাল ৮টায় রাজধানী প্যারিসের জাতীয় মসজিদে (গ্র্যান্ড দ্যা মসক) সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
গ্র্যান্ড দ্যা মসকসহ বাংলাদেশী অধ্যুষিত সমজিদ ও জিমনেশিয়াম গুলোতে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তিপূর্ণ পরিবেশ ও ভ্রাতৃত্বের বন্ধনে মুখরিত হয়ে ওঠে জাতীয় মসজিদ প্রাঙ্গণ।
ঈদের নামাজের আগে মুসল্লিদের কণ্ঠে ধ্বনিত হয় তাকবির। নামাজ শেষে খুতবায় আত্মত্যাগ, ত্যাগের মহিমা, মানবতা ও পারস্পরিক সহমর্মিতার গুরুত্ব তুলে ধরা হয়।
খুতবায় বলা হয়, প্রকৃত কোরবানি শুধু পশু জবাই নয়; বরং মানুষের অন্তরের অহংকার, হিংসা ও বিদ্বেষ দূর করাও ঈদুল আজহার মূল শিক্ষা।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন। বিভিন্ন দেশের মুসলমানদের উপস্থিতিতে জাতীয় মসজিদে এক অনন্য মিলনমেলার সৃষ্টি হয়।
পবিত্র ঈদুল আজহা বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, ত্যাগ ও মানবিক মূল্যবোধ আরো সুদৃঢ় করুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন মুসল্লিরা।
এ সময় ফ্রান্সের নাগরিকদের পাশাপাশি মসজিদগুলোতে ঈদ জামাতে অংশগ্রহণ করেন অনেক প্রবাসী বাংলাদেশি।
নামাজ শুরুর আগে মসজিদগুলোতে বয়ান পেশ করেন সম্মানিত খতিবগণ। নামাজ শেষে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের পর বাংলাদেশি মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন।
এদিকে স্থা মসজিদ,ক্যাথসীমাস্থ জিমনেসিয়াম,পন্থা জিমনেসিয়ামসহ বিভিন্ন সমজিদগুলোতে স্থানীয় সময় সকাল ৮টায় ঈদুল আজহার প্রথম জামাত শুরু হয়। মসজিদগুলোতে নামাজ আদায় করেন হাজারো প্রবাসী বাংলাদেশি।নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কুশলাদি ও ছবি তোলার মধ্য দিয়ে ঈদের আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করা হয়।
ঈদুল আজহা উপলক্ষে ফ্রান্সে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ দেশটিতে বসবাসরত প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।








