প্যারিসে অক্ষরের আয়োজনে সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা
প্রকাশিত হয়েছে : ৯:১৯:৩৯,অপরাহ্ন ৩১ মার্চ ২০২৬ | সংবাদটি ৫৩ বার পঠিত
রাকিবুল ইসলাম :
ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে আবৃত্তি শিল্পী সাইফুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা ।
‘মধুর স্মৃতির বাতায়ন’ শিরোনামে আবৃত্তি সন্ধ্যা শনিবার স্থানীয় সময় বিকালে স্টুডিও ব্লু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও আবৃত্তিচর্চাকে এগিয়ে নিতে সাংস্কৃতিক সংগঠন অক্ষর এই অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রবাসে বাংলা ভাষার সাহিত্যচর্চা টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে কবিতার সৌন্দর্য পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাসরত আবৃত্তি শিল্পী সাইফুল ইসলাম প্রবাসী সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিত এক মুখ। বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর কণ্ঠে কবিতার আবৃত্তি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। একক এই আবৃত্তি সন্ধ্যায় তিনি বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের উল্লেখযোগ্য কবিদের কবিতা আবৃত্তি করেন।
এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঐকতান’, কাজী নজরুল ইসলামের ‘সব্যসাচী’, জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’, আবু জাফর ওবায়দুল্লাহ’র ‘আমি কিংবদন্তির কথা বলছি’, নির্মলেন্দু গুণের ‘তুমি চলে যাচ্ছো’, আসাদ চৌধুরীর ‘সত্য ফেরারী’ কবিতাসহ আরও কয়েকটি জনপ্রিয় কবিতা পরিবেশিত হয়।
অনুষ্ঠানে আবৃত্তির সঙ্গে আবহ সঙ্গীত পরিবেশন করেন কন্ঠশিল্পী সাগর বড়ুয়া এবং মৌসুমী চক্রবর্তী। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন তবলায় প্লাসিড শিপন রেবেরিও এবং কিবোর্ডে সাগর বড়ুয়া ।
তাদের পরিবেশনায় আবৃত্তির আবেগ ও পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন, আবৃত্তিশিল্পী মুনির কাদের, কবি বদরুজ্জামান জামান, আবৃত্তিশিল্পী আবু বকর আল-আমিন, মোঃ সাব্বির জাহান, রুবেল মজুমদার ও লোটাস বাবু।
অনুষ্ঠান আয়োজন সম্পর্কে আয়োজক সংগঠন অক্ষর-এর প্রতিনিধিরা বলেন, প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা ধরে রাখতে নিবেদিত প্রাণ শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে সেই কাজটি নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন, ভবিষ্যতে আরো এমন আয়োজন অব্যাহত থাকবে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাইফুল ইসলাম বলেন, কবিতা মানুষের ভেতরের অনুভূতি ও মানবিক বোধকে জাগিয়ে তোলে। প্রবাসে থেকেও বাংলা কবিতা ও আবৃত্তিকে ভালোবেসে যারা পাশে থাকেন, তাদের উৎসাহই তাঁকে কাজ করে যেতে অনুপ্রাণিত করে। অনুষ্ঠান আয়োজন নিয়ে তিনি বলেন, সারাজীবন মনে রাখার মতো খুব চমৎকার একটা কবিতা-সন্ধ্যা কাটিয়েছি। আগত সকল দর্শক কবি, সাহিত্যিক সবার কাছে চিরকৃতজ্ঞ। এমন অনুষ্ঠান আরো হোক, নিজেকে যেন আরো শাণিত করতে পারি, সকলের আশীর্বাদ চাই।
আবৃত্তির পাশাপাশি সাইফুল ইসলাম সঙ্গীতশিল্পী হিসেবেও ব্যাপক পরিচিত। ২০২২ সালে তাঁর কণ্ঠে কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় ঈদের গান “ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” গানটি প্যারিসের বিভিন্ন স্থানে ধারণ করে একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়, যা প্রবাসী বাঙালিদের মধ্যে প্রশংসিত হয়।








