প্যারিসে বিদ্রোহী কবির ১২৭তম জন্মবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ৪:৩০:৩৩,অপরাহ্ন ৩০ মে ২০২৬ | সংবাদটি ১ বার পঠিত
তৃতীয় বাঙলা ডেস্ক :
প্যারিসে জাতীয় কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার ফ্রান্সের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে প্যারিসের অভারভিলাস্থ একটি অভিজাত হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি সোহেল আহমদ । সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হকের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিস, ফ্রান্সের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট নজরুল গবেষক খোরশেদ আলম পাঠোয়ারি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবতার পথে চলতে অনুপ্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করায় নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও সংস্কৃতি আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এজন্য আমরা কবি নজরুল ইসলাম সেন্টার প্যারিস ফ্রান্সের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
শুরুতে পবিত্র কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন জুয়েল আহমদ এবং সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও নয়া দিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মাহবুব হোসাইন, বিশিষ্ট রাজনীতিবিদ এখলাসুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হাকিম, লেখক ও মানবাধিকার কর্মী সেলিম আহমদ, কবি ও লেখক মামুনুর রশিদ মামুন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এডভোকেট মনোয়ার পাটোয়ারী, কবি ও লেখক বদরুজ্জামান, গোলাপগঞ্জ ক্রীড়া সংস্থা ফ্রান্সের সভাপতি শাহ আলম, নজরুল ইসলাম সেন্টার প্যারিসের সিনিয়র সহ-সভাপতি কবি চৌধুরী রেজাউল হায়দার, কমিউনিটি ব্যক্তিত্ব জবরুল ইসলাম, সহ সভাপতি জাকির খান, গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশনের সভাপতি সামাদুর রহমান অপু তরুন সমাজ কর্মী কাইয়ুম আহমদ সহ ফ্রান্স প্রবাসী বাংলা ভাষাভাষী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত বাঙালি জাতির চেতনার অবিচ্ছেদ্য অংশ। তাঁর আদর্শ সমাজে সম্প্রীতি, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আজও সমানভাবে প্রাসঙ্গিক।
সভাপতির বক্তব্যে কবি সোহেল আহমদ বলেন,“নজরুল কেবল একটি নাম নয়; তিনি বাঙালির চেতনা, সাহস ও মানবতার প্রতীক। তাঁর সাহিত্য ও দর্শন আজও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে আমাদের অনুপ্রাণিত করে। তিনি এ সময় কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ সঞ্চিতা ফরাসি ভাষায় অনুবাদের উদ্যোগের ঘোষণা দেন। পাশাপাশি ভবিষ্যতে নজরুল দিবস উদযাপনের ধারাবাহিকতার সঙ্গে ঐতিহাসিক পলাশী দিবস পালনের কথাও জানান।







